হিউম্যানয়েড রোবট তৈরি করবে ওপেনএআই!

২৫ ডিসেম্বর, ২০২৪ ১৫:৫১  

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি নিজেদের হিউম্যানয়েড রোবট তৈরির বিষয়ে চিন্তা করেছে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে। দ্য ইনফরমেশন-এর বরাত দিয়ে বলা হয়েছে, এই বিষয়ে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। বিষয়টির সাথে সরাসরি সম্পৃক্ত দুই ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে।খবর টেকক্রাঞ্চ।

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ইতোমধ্যে রোবটিক্স খাতে সক্রিয়। প্রতিষ্ঠানটি ফিগার এবং ১এক্স-এর মতো স্টার্টআপসহ "জেনারেল পারপাস এআই" সংস্থা ফিজিক্যাল ইন্টেলিজেন্স-এ বিনিয়োগ করেছে।

২০২১ সালে ওপেনএআই তাদের রোবটিক্স বিভাগ বন্ধ করে দেয়। তবে গত তিন বছরে রোবোটিক্সের হার্ডওয়্যার এবং এআই সিস্টেমে ব্যাপক অগ্রগতি হয়েছে। নতুন করে ওপেনএআই যদি আবার রোবটিক্স বিভাগ চালু করতে চায়, তাহলে প্রতিযোগিতামূলক এই খাতে অনেকটাই পিছিয়ে থাকা অবস্থান থেকে শুরু করতে হবে।

বড় স্টার্টআপ অধিগ্রহণ ছাড়া এই খাতে বড় ভূমিকা রাখা ওপেনএআই-এর জন্য চ্যালেঞ্জ হতে পারে। রোবটিক্স খাত এখনো নবীন হলেও এর প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে।

ডিবিটেক/বিএমটি